দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের ফতেপুর এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় ৬০ জন যাত্রী।
শুক্রবার (২৭ মার্চ) বিকাল প্রায় ৪টার দিকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস যশোরের মণিহার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটিতে ৪৫ জন টিকিটধারী যাত্রী ছাড়াও অতিরিক্ত আরও ১৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পথিমধ্যে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত অবস্থায় বাসটিতে আগুন ধরে যায়। আগুনের সূত্রপাত টের পেয়ে চালক দ্রুত বাস থামিয়ে সব যাত্রীকে নামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর শেখ মুজিবুর রহমান জানান, অতিরিক্ত তাপের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, বাসটিতে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল। ঢাকা থেকে যশোরে পৌঁছানোর অল্প সময়ের মধ্যেই সেটিকে আবার ঢাকায় ফেরত পাঠানো হয়। চালক প্রথমে যেতে অনিচ্ছা প্রকাশ করলেও পরে কর্তৃপক্ষের চাপের মুখে ট্রিপে বের হন।
তাদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জে আই